হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক।
শনিবার (১৭ অক্টোবর) রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জগদীশপুর, ভৈরব বাড়ীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সংসদ সদস্য ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, বিএনপি সব ধর্মের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন এবং সমান নাগরিক অধিকার ভোগ করবেন—এটাই প্রত্যাশা।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









