যশোরের অভয়নগর উপজেলায় চাঁদা না দেওয়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নওয়াপাড়া গ্রামের রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র মোহাম্মদ আলীর কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গভীর রাতে তার বাসভবনে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি চাচার বাড়ির ভেতর ধোঁয়ার কুণ্ডলী। চাচা পরিবারসহ ঢাকায় থাকায় বড় কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে রাতেই অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য এবং থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিস্ফোরণে ব্যবহৃত জালের কাঠি, লাল টেপসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে।
অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা বিস্ফোরণের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









