ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাগামী একটি নৈশকোচে অভিযান চালিয়ে ৬০ বোতল ‘ফেনসিবিল’ নামক মাদকদ্রব্যসহ রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ রবিবার) রাতে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বাস কাউন্টার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রবিউল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ি মশালডাঙ্গী গ্রামের মইনুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার থেকে ছেড়ে আসা এবং রানীশংকৈলের নেকমরদ হয়ে ঢাকাগামী ‘প্যারাগন এক্সপ্রেস’–এর একটি নৈশকোচে মাদক পরিবহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা বাস কাউন্টারে অবস্থান নেন।
পরে বাসটি সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বাসের ‘এইচ-১’ নম্বর আসনে বসা রবিউল ইসলামের পায়ের কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬০ বোতল তরল ‘ফেনসিবিল’ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, উদ্ধার করা এই তরল মূলত মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলের বিকল্প হিসেবে বিক্রি করে থাকেন, যাতে ক্ষতিকর মাদকের উপাদান রয়েছে। এ ঘটনায় আটক রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









