সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের একটি কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. সোহাগ (২০) ও আলাল মিয়া (২২)। সোহাগ একই গ্রামের মজিদের ছেলে এবং আলাল মিয়া আবদুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই দুই যুবককে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে মো. সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগ থেকে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত দুই আসামিকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









