জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেল দশমিনা উপজেলা। পটুয়াখালী জেলায় এ কার্যক্রমে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন দশমিনার ইউএনও মাহমুদ হাসান মৃধা। একই কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলার রণগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় জেলার আটটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ৭৬টি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। সরকারি সেবা বাস্তবায়ন ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কর্মদক্ষতার ভিত্তিতে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।
সভা শেষে ইউএনও মাহমুদ হাসান মৃধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরদিন সোমবার সকালে তার মাধ্যমে জেলা প্রশাসকের পক্ষ থেকে রণগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেলকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের প্রতি তিনি কৃতজ্ঞ। দশমিনা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকেরা সরকারি কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল বলেন, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। এ কাজে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যরা সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি রণগোপালদী ইউনিয়নবাসীসহ পুরো দশমিনা উপজেলার অর্জন। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে ব্যক্তিগতভাবে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
জন্ম-মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় এ স্বীকৃতি দশমিনা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে সরকারি সেবা মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি তাঁদের দায়িত্ববোধ ও কর্মতৎপরতা বাড়াতে উৎসাহ জোগাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









