দেশজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশের সব উপজেলায় ইউএনওকে সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে সদস্য-সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সকল উপজেলায় ইউএনও-কে সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাং প্রতিরোধ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ফয়সল হাসান।
তবে কমিটির অন্য সদস্য কারা থাকবেন, কী ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং কত দিনের মধ্যে কমিটি গঠন সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে কিশোর গ্যাং নিয়ে গত বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধীদলের সদস্য মো. আব্দুল বাতেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক নিয়মিত কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, কিশোর গ্যাং যাতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে।
মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের নেতাদের সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্তকরণ এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









