ভোলার চরফ্যাশনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, মজুত ও পাচারের অভিযোগ উঠেছে। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজ করে একটি চক্র এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এর মধ্যে পৃথক ঘটনায় প্রায় আট বস্তা মা ইলিশ জব্দ করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ এবং বরফভর্তি একটি গাড়ি আটক করে শশীভূষণ থানা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে কুকরী-মুকরী থেকে আসা প্রায় আট বস্তা মা ইলিশ জব্দ করে দক্ষিণ আইচা থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, গভীর রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের খজুরগাছিয়া এলাকায় বরফভর্তি একটি গাড়ি আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ গাড়িটি জব্দ করে। গাড়িটি নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা ইলিশ পাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর ডাকাতিয়া মোহনা থেকে কুকরী-মুকরীর দক্ষিণ পাশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মা ইলিশ শিকার চলছে। স্পিডবোটে গলাচিপা হয়ে বিভিন্ন স্থানে ইলিশ পাচার করা হচ্ছে। এ ছাড়া কুকরী-মুকরী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে ডিপ ফ্রিজে ইলিশ মজুত এবং মাছ কেটে লবণ দিয়ে সংরক্ষণের অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগে এসব কর্মকাণ্ডে মাহফুজ, মঞ্জু বকস, মাহাবুব বকস ও আব্বাস বকসের নাম উঠে এসেছে। তবে মাহফুজ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসনকে ম্যানেজ করে কিছু জেলে মাছ শিকার করছেন—এটি সত্য। তবে তিনি নিজে জড়িত নন। মাছ শিকারের বিষয়ে মঞ্জু বকস, আব্বাস বকস ও মাহাবুব বকস ভালো জানেন বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্টদের একটি অংশের নিষ্ক্রিয়তার সুযোগে অবৈধভাবে ইলিশ শিকার, মজুত ও পাচার চলছে। তবে প্রশাসন ও মৎস্য দপ্তর এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জনবলসংকট থাকলেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চলছে।
মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ বন্ধে কঠোর অভিযান পরিচালনার কথা থাকলেও চরফ্যাশনে তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, মাছ জব্দের বিষয়টি উপজেলা মৎস্য দপ্তরকে জানানো হয়েছে। মৎস্য বিভাগের প্রতিনিধিরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









