নোয়াখালীর হাতিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৪টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনায় ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য দলমত-নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাতিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবেন বলেও তারা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মইনুদ্দিন। সঞ্চালনা করেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্ল্যাহ শাহাদাত। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের হাতিয়া শাখার সভাপতি উত্তম সাহা, সাধারণ সম্পাদক সহদেব রায়, ৩৪টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, আশিক ইকবাল, সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের সদস্যসচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদসহ স্থানীয় নেতারা।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনে হাতিয়ার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মাধবী মার্মার পক্ষ থেকেও সরকারি উদ্যোগে পূজামণ্ডপগুলোতে শাড়ি উপহার পাঠানো হয়েছে বলে জানানো হয়।
হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৩৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









