নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে রিপন মিয়া নামে এক যুবদল নেতা ও কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইসকা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া পাইসকা এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একই এলাকার রিফাত কাজীর সঙ্গে রিপনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের কমিটিতে রিপনের নাম থাকলেও কয়েকজনের নাম না থাকায় বিরোধ আরও বাড়ে। রবিবার রাত ১১টার দিকে এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রিফাতের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল রামদা, ছুরি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে রিপনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
নিহতের ছেলে শাওন মিয়া ও শাহিন মিয়ার অভিযোগ, ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের কমিটিতে কয়েকজনের নাম না থাকায় রিফাত কাজী, ফরহাদ কাজী, তানভীর কাজী, আমিরুল কাজী ও ইমন কাজীর সঙ্গে রিপনের বিরোধ তৈরি হয়। এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়া নিয়েও তাদের সঙ্গে রিপনের বিরোধ ছিল বলে দাবি পরিবারের।
অভিযোগের বিষয়ে রিফাত কাজীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









