পটুয়াখালীর বাউফলে সরকারঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে উদ্ধারকৃত পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ৬ কেজি মা ইলিশ একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত যৌথ অভিযানে রাসেল দালাল (২১) ও রুবেল দালাল (২৫) নামের ওই দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত দুই জেলের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে।
আটককৃতদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন।
অভিযান শেষে জব্দ করা আনুমানিক পাঁচ হাজার মিটার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া মা ইলিশ স্থানীয় একটি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, মা ইলিশের প্রজনন সুরক্ষায় নদীতে আমাদের নিয়মিত কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অসাধু তৎপরতা বরদাশত করা হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









