পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মহান আল্লাহর মেহেরবানিতে এই সম্প্রীতি আমাদের গর্ব ও অহংকার।
সোমবার রাতে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করা বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্মগত অধিকার। এ দেশের মানুষ বরাবরই মিলেমিশে বসবাস করে আসছে। রাজনৈতিক ফায়দা লুটতে কোনো স্বার্থান্বেষী মহল যখন নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশে নাশকতার চেষ্টা করে, কেবল তখনই এখানকার শান্তিশৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। এ ধরণের অপচেষ্টা ছাড়া দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে, বাণিজ্যমন্ত্রী সিলেটে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









