ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি বিটের অধীনে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর সরকারি বনভূমি জবরদখল মুক্ত করেছে স্থানীয় বনবিভাগ। উচ্ছেদকৃত ওই জমিতে পূর্বে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের বনায়ন ছিল।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে অবস্থিত সরকারি বনভূমিতে জনৈক নাজমুল ইসলামের নির্দেশনায় হায়দার আলী, মাসুদ ও কাইয়ুমের নেতৃত্বে একদল সংঘবদ্ধ ভূমিদস্যু জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়ে জমিটি দখলের অপচেষ্টা চালায়। খবর পেয়ে গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামানের নেতৃত্বে বনপ্রহরীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ সাইনবোর্ডটি উচ্ছেদ করেন এবং পুরো বনভূমির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামান জানান, "ভূমিদস্যুরা অবৈধভাবে সাইনবোর্ড টাঙিয়ে সরকারি বনভূমি দখলের চেষ্টা করছিল। খবর পাওয়া মাত্রই আমাদের টিম অভিযান চালিয়ে সাইনবোর্ড সরিয়ে জমিটি উদ্ধার করেছে। এই জবরদখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সহকারী বনসংরক্ষক (এসিএফ) আরিফুজ্জামান শুভ বলেন, "উদ্ধারকৃত ১০ একর জমি পুনরায় বনবিভাগের পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টাকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









