শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম।
গত সোমবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে তিনি দৌলতপুর উপজেলার গুরুত্বপূর্ণ একাধিক পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা প্রস্তুতি ও আলোকসজ্জাসহ বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক দলের নামের তালিকা প্রকাশ্যে টাঙানো এবং জরুরি সেবা নম্বরসমূহ দর্শনার্থীদের উদ্দেশ্যে মণ্ডপের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, "শারদীয় দুর্গাপূজা নিরাপদে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন পরবর্তী সময় পর্যন্ত তিন স্তরের নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখা, নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা, পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেটরের ব্যবস্থা রাখা আবশ্যক। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আজান ও নামাজের সময়ে উচ্চশব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকার জন্য আয়োজকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।" একই সাথে তিনি শান্তিপূর্ণ পূজা উদযাপনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









