বাংলাদেশের লাখ লাখ ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ও মোবাইল সাংবাদিকদের জন্য এক বড় সুখবর এসেছে। জনপ্রিয় আন্তর্জাতিক ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম কিনেমাস্টারে (KineMaster) আর থাকছে না ওয়াটারমার্কের বাধ্যবাধকতা। কোনো প্রকার পেইড সাবস্ক্রিপশন ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ফুল রেজল্যুশনে ভিডিও তৈরির সুবিধা উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিশ্বব্যাপী উন্মুক্ত হওয়া কিনেমাস্টারের নতুন ৮.২ সংস্করণে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধাটি কার্যকর করা হয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কিনেমাস্টারের বৈশ্বিক প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ নীতিনির্ধারক, গ্লোবাল মার্কেটিং ও কোর ডেভেলপমেন্ট টিমের সাথে উচ্চপর্যায়ের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে মোবাইল সাংবাদিকতা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির দ্রুত বিকাশমান প্রেক্ষাপট ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সেই আলোচনার সুফল হিসেবেই বাংলাদেশে বিনামূল্যে অ্যাপটি ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
দক্ষিণ এশিয়ায় ডিজিটাল ভিডিও নির্মাণের প্রসারে বাংলাদেশকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কিনেমাস্টারের এই ৮.২ আপডেটে ওয়াটারমার্ক সম্পূর্ণ ফ্রি করার যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হলো।
৮.২ আপডেটে বাংলাদেশের ব্যবহারকারীরা যেসব বিশেষ সুবিধা পাচ্ছেন:
সম্পূর্ণ ফ্রি ওয়াটারমার্ক: কোনো প্রকার মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি দেওয়া ছাড়াই তৈরি করা ভিডিও থেকে কিনেমাস্টারের লোগো বা ওয়াটারমার্ক স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে।
বিজ্ঞাপনমুক্ত এডিটিং: অ্যাপে এডিটিং প্যানেলে প্রবেশের সময় যেসব বাধ্যতামূলক বিজ্ঞাপন আসত, নতুন সংস্করণে তা পুরোপুরি বন্ধ করা হয়েছে।
দৈনিক ফ্রি এক্সপোর্ট সুবিধা: ব্যবহারকারীরা প্রতিদিন প্রথম ৫টি ভিডিও সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্তভাবে ফুল রেজল্যুশনে এক্সপোর্ট করতে পারবেন। পরবর্তীতে দৈনিক ৫টির বেশি ভিডিও এক্সপোর্ট করতে চাইলে কেবল এক্সপোর্টের শুরুতে একটি ছোট প্রমোশনাল বিজ্ঞাপন দেখলেই ফ্রি এক্সপোর্ট সুবিধা মিলবে।
নতুন ইন্টারফেস ও আধুনিক টুলস: ট্যাবলেট ও বড় ডিসপ্লের ডিভাইসের জন্য নতুন ইউজার ইন্টারফেস (UI), টাইমলাইনে একাধিক লেয়ার একসাথে নিয়ন্ত্রণের জন্য 'মাল্টি-সিলেক্ট' টুল এবং দ্রুত কাজের সুবিধার্থে উন্নত ভিডিও ব্রাউজার যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সিউলে অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ টাইমস-এর মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ বলেন, "মাঠপর্যায়ে কর্মরত প্রান্তিক সংবাদকর্মী ও তরুণ কনটেন্ট নির্মাতাদের আন্তর্জাতিক মানের ভিডিও বানানোর ক্ষেত্রে মূল বাধা ছিল পেইড সাবস্ক্রিপশন ও ওয়াটারমার্ক। কিনেমাস্টারের শীর্ষ নীতিনির্ধারকদের সাথে বৈঠকে আমাদের দেশের তরুণদের সৃজনশীলতা ও মোবাইল সাংবাদিকতার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরা হয়। বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে কিনেমাস্টার কর্তৃপক্ষের নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের তৃণমূল সাংবাদিকতা ও কনটেন্ট ক্রিয়েশনে অভাবনীয় পরিবর্তন আনবে।"
বর্তমানে গুগল প্লে স্টোর (Google Play Store) ও অ্যাপ স্টোর থেকে কিনেমাস্টারের নতুন ৮.২ সংস্করণ আপডেট করে নিলেই বাংলাদেশের যেকোনো ব্যবহারকারী কোনো ফি ছাড়াই সুবিধাটি উপভোগ করতে পারছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিনেমাস্টার টিম জানায়, আগামী নভেম্বরের নতুন আপডেটে যুক্ত হতে যাচ্ছে উন্নত 'এআই মাস্ক' (AI Mask) সুবিধা এবং পরবর্তীতে যুক্ত হবে জেনারেটিভ এআই। ক্লাউড সার্ভারের ঝুঁকি এড়িয়ে ব্যবহারকারীর তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় তাদের এআই টুলস সম্পূর্ণ অন-ডিভাইস লোকাল সিস্টেমে কাজ করবে বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









