পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও আসবাবপত্রের পাশাপাশি নিজের ও বোনের বিয়ের জন্য ১০-১২ বছর ধরে জমানো নগদ প্রায় ৭ লাখ টাকা হারিয়ে নিঃস্ব হওয়া মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেনের বাড়ির আঙিনায় আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
এর আগে, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে দাশপাড়া ইউনিয়নের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রের পাশাপাশি দুটি গরু, ছয়টি ছাগল ও বেশ কিছু হাঁস-মুরগি দগ্ধ হয়ে মারা যায়। একই সঙ্গে ঘরে গচ্ছিত রাখা নিজের ও বোনের আসন্ন বিয়ের জন্য ১০-১২ বছর ধরে জমানো প্রায় সাত লাখ টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি রাতারাতি চরম আর্থিক অনটন ও সংকটে পড়ে।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত এক যুগে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে একটু একটু করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। নিজের ও বোনের বিয়ের খরচ চালনোর জন্য জমানো সেই সব টাকা ঘরেই রাখা ছিল। কিন্তু এক মুহূর্তের আগুনে তাঁর দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে।
আর্থিক সহায়তা প্রদানকালে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, "আমি যে ব্যবসা করি, তার একটি নির্দিষ্ট অংশ সাধারণ মানুষের কল্যাণে, ধর্মের পথে ও দেশের সেবায় ব্যয় করার নির্দেশ মহান আল্লাহ তাআলা দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকেই আমি এই ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি।"
তিনি আরও যোগ করেন, "আমি আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাউফল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। জননেতা তারেক রহমানের নির্দেশে ও তাঁর পক্ষ থেকেই আমি ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।"
এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









