সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দায়িত্ব হস্তান্তর পর্বে প্রেসক্লাবের বিদায়ী ও নতুন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন এবং সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য বিলাল উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা গোয়াইনঘাট প্রেসক্লাবের বিগত দিনের পেশাদারিত্ব ও সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নের পাশাপাশি এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক সংবাদ প্রকাশে ক্লাবটিকে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনে এগিয়ে নিয়ে যাবে।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গোয়াইনঘাট প্রেসক্লাবের সুষ্ঠু পরিচালনা ও পেশাগত মান সংরক্ষণে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সুধী সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









