নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতি গুরুত্বপূর্ণ ‘জিন এক্সপার্ট’ কক্ষ থেকে দিনের আলোতেই একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সরকারি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থান থেকে ভরদুপুরে ল্যাপটপ গায়েব হওয়ার পর থেকে পুরো কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ব্র্যাকের যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত ওই ল্যাবে কাশির নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার সময় কক্ষে দায়িত্বরত ছিলেন ল্যাব টেকনোলজিস্ট মেহেদী হাসান। কাজের প্রয়োজনে তিনি পাশের একটি কক্ষে সামান্য সময়ের জন্য গেলে সেই ফাঁকে ল্যাপটপটি চুরি হয়ে যায়। ফিরে এসে ল্যাপটপটি না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষিত থাকা কক্ষ থেকে এভাবে প্রকাশ্যে ল্যাপটপ চুরির ঘটনায় সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, "ল্যাব টেকনোলজিস্ট মেহেদী হাসান ল্যাপটপ চুরির বিষয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিয়েছেন। বিষয়টি অবহিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় থানায় অনুলিপি পাঠানো হয়েছে। সরকারি ছুটি শেষে এ বিষয়ে পুলিশি তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) দোলা জানান, "বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হলেও এখনো লিখিত এজাহার বা অভিযোগ হাতে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









