সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আয়োজন নিশ্চিতে পটুয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-৮, বরিশালের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন।
মঙ্গলবার (২০ অক্টোবর) পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ একাধিক পূজামণ্ডপ সরজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি মণ্ডপের সার্বিক প্রস্তুত ব্যবস্থা ও নিরাপত্তার খোঁজখবর নেন।
পূজা উদযাপন সম্পূর্ণ নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব/সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এ বছর পটুয়াখালী জেলাজুড়ে সর্বমোট ১৯২টি মণ্ডপে বর্ণিল আয়োজনে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এসব মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মূল পূজা অর্চনার আনুষ্ঠানিকতা শুরু হয়।
উৎসবকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে কঠোর ও বহুস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সদস্য সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি স্থানীয় সিভিল প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীলদের সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









