চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। গত সোমবার (১৯ অক্টোবর) রাতে জেলা শহর ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন শেষে পূজার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক নিরাপত্তাবেষ্টনী নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় জেলার অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ আবহ অটুট রাখারও উদাত্ত আহ্বান জানান জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, "বহু বছর ধরেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এ দেশে ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও পরম সহিষ্ণুতার মধ্য দিয়ে দুর্গাপূজা পালিত হচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। এই ঐতিহ্যবাহী সম্প্রীতির পরিবেশ আমাদের সব সময় ধরে রাখতে হবে।"
সোমবার রাতে জেলা প্রশাসক শহরের স্কুল-কলেজ রোডের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির এবং বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটির নেতারা জেলা প্রশাসককে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরের পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং শুভেচ্ছা স্মারক হস্তান্তর করা হয়। পরবর্তীতে মণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের উষ্ণ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন জেলা প্রশাসক।
তিনি আরও যোগ করেন, "উৎসব ঘিরে পারস্পরিক যে গভীর ভ্রাতৃত্ববোধের নিদর্শন গড়ে উঠেছে, তা টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই মিলে উৎসব উদযাপন করতে হবে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হয়েছে।"
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









