পিরোজপুরের নাজিরপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় আট বছরের শিশু ঐদ্রিতা ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরও নিখোঁজ রয়েছেন তার মা রিনা ব্যাপারী (৩৫)। দ্বিতীয় দিনের মতো কালীগঙ্গা নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঐদ্রিতা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর ব্যাপারীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা দেখতে শ্রীরামকাঠী বন্দর এলাকায় গিয়েছিলেন শংকর ব্যাপারী, তার স্ত্রী ও মেয়ে। রাতে ট্রলারে করে বাড়ি ফেরার পথে ৫০-৬০ জন যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে নদী পার হওয়ার সময় অতিরিক্ত চাপে ট্রলারটি এক পাশে কাত হয়ে যায়। এতে ১৫-২০ জন যাত্রী নদীতে পড়ে যান। অধিকাংশ তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রিনা ও ঐদ্রিতা। রাত ১১টা ১০ মিনিটের দিকে ঐদ্রিতার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, পিরোজপুরে স্থায়ী ডুবুরি দল রাখার উদ্যোগ নেওয়া হবে। ট্রলারে যাত্রী পারাপার নিয়ে কোনো সিন্ডিকেট থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের চাপ সামলাতে প্রয়োজনে রাত ১২টা পর্যন্ত ফেরি চালানোর ব্যবস্থা করা হবে। ঘাটের দুর্ভোগ কমাতে ফেরি অন্য স্থানে স্থাপন ও সেতু নির্মাণের সম্ভাব্যতাও যাচাই করা হবে।
নিখোঁজ রিনা ব্যাপারীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ সময় জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









