ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে। সাধারণ মানুষের ওপর জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, মাদক ও দুর্বৃত্ত দমনে তার উদ্যোগ ভালো ছিল। তবে নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। একজন মন্ত্রী বা নেতার হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অন্যায়-অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অতীতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদেরও বিচারের আওতায় আনা উচিত।
১৭-১৮ বছরের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই সময়ে নির্বাচনের নামে প্রহসন, সন্ত্রাস ও দুর্নীতির বিস্তার ঘটেছে। ক্ষমতা ছাড়ার আগে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার যেন জনকল্যাণে কাজ করতে পারে, সে জন্য পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
লালমোহন ও তজুমদ্দিনে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে স্পিকার বলেন, মাদকের সঙ্গে দলের বড় কোনো নেতা জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে। এ দুই উপজেলায় মাদকের বিস্তার বন্ধে পুলিশ ও প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য উল্লেখ করে স্পিকার বলেন, এ গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্পিকার ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। বিকেলে মঙ্গল সিকদারে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এবং সন্ধ্যায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









