বান্দরবানের লামায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, মানসিক নির্যাতন ও তালাকের হুমকির অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আসামিরা হলেন লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ এলাকার মো. রাসেল (২৯) ও তার মা রাশেদা বেগম (৫৭)। গৃহবধূ তৌফিয়েত জান্নাত শান্তা (১৮) বাদী হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং-২৮৩/২০২৬ দায়ের করেন। মামলাটি যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৩ জুলাই রাসেল ও শান্তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক মাস পর রাসেল প্রবাসে চলে যান। এরপর ব্যবসায়িক ক্ষতি ও জেল খাটার ভয় দেখিয়ে স্ত্রীর পরিবারের কাছে সাত লাখ টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সংসারের কথা ভেবে শান্তার পরিবার ধারদেনা করে দুই লাখ টাকা তার শাশুড়ি রাশেদা বেগমের হাতে তুলে দেয়।
অভিযোগ অনুযায়ী, এরপরও বাকি পাঁচ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন রাসেল। টাকা দিতে না পারলে শান্তাকে তালাকের হুমকি দেওয়া হতো। বিষয়টি শাশুড়িকে জানালে তিনিও টাকা আনার জন্য শান্তার ওপর মানসিক নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শান্তার অভিযোগ, গত ১৭ অক্টোবর তিনি বাবা-মাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি দুর্ব্যবহার করেন। বাকি টাকা না দিলে সংসার করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের দ্বারস্থ হন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ চৌধুরী জানান, ১৯ অক্টোবর আদালত অভিযোগ পর্যালোচনা করে মামলাটি আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









