নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চারজন রয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ন আলী (৩২) ও ছবি (৩০), গোমস্তাপুর উপজেলার শামীম (১৮) এবং ভোলাহাট উপজেলার তামিম হোসেন (১৭)।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, আহত ওই চারজন চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটির যাত্রী ছিলেন। বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। চাঁপাইনবাবগঞ্জের চারজনও আশঙ্কামুক্ত রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









