যে হাটে প্রতিদিন বসত তাঁদের জীবিকার হিসাব, চলত কেনাবেচা আর হাসি-আড্ডা, সেই হাটেই পাশাপাশি পাঁচটি খাটিয়ায় শুয়ে ছিলেন পাঁচ পরিচিত ব্যবসায়ী। জীবিকার সন্ধানে একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁরা। কিন্তু নাটোরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ফিরলেন নিথর দেহে। তাঁদের জানাজায় স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর ঢল নামে। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাটের ধুলট হাটায় পাঁচ ব্যবসায়ীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের মরদেহ নিজ নিজ এলাকায় নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার জন্য কৃষিপণ্য কিনতে রাজশাহীর তাহেরপুরে যাচ্ছিলেন তাঁরা। ভুট্টা, পেঁয়াজ, রসুন ও ধনিয়াসহ বিভিন্ন পণ্য কিনে স্থানীয় বাজারে বিক্রি করতেন এই ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া অংশে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় পাঁচ ব্যবসায়ীসহ মোট ১৪ জন নিহত হন।
নিহত পাঁচজন হলেন জাজিরার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে শাহিন বেপারী।
স্থানীয় ব্যবসায়ী নুরুল হক মোল্লা বলেন, “ছেলেগুলো অনেক ভালো ছিল। এই শোক সইবার ক্ষমতা আমাদের নেই।”
সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কাজী বলেন, তাঁরা সবাই এলাকার পরিচিত ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে এভাবে প্রাণ হারাবেন, তা কেউ ভাবেননি।
কাজিরহাট বাজার কমিটির সভাপতি মোখলেস মাদবর বলেন, একসঙ্গে পাঁচ ব্যবসায়ীর মৃত্যু পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বাজারের ইজারাদার টিটু আকন বলেন, প্রতিদিন যাঁরা বাজারে আসতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, তাঁদের একসঙ্গে জানাজা পড়তে হবে—এটা মেনে নেওয়া কঠিন।
পাঁচ ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবার ও পরিচিতজনদের মধ্যে। তাঁদের আয়-রোজগারের ওপর নির্ভরশীল পরিবারগুলো এখন অনিশ্চয়তার মুখে। যে হাটে তাঁরা একসঙ্গে জীবিকার স্বপ্ন বুনতেন, সেই হাটেই তাঁদের শেষবিদায় জানাতে হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









