স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল–এর ১৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস, নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্কাউটস ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্কাউটস সদস্যরা স্কাউটস ভবন প্রাঙ্গণে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউটস ভবনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্য, শিক্ষক ও স্কাউটাররা অংশগ্রহণ করেন। র্যালিতে স্কাউটিংয়ের মূলমন্ত্র ও আদর্শ সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, লর্ড ব্যাডেন পাওয়েল বিশ্বব্যাপী স্কাউটিং আন্দোলনের মাধ্যমে তরুণদের নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করে। ভবিষ্যতে নেছারাবাদে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটার এবং বিপুলসংখ্যক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









