ঝালকাঠির দুটি সংসদীয় আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামোগত কাজের মান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিইডি, গণপূর্ত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংসদ সদস্যরা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন বলেন, জেলার উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংসদ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









