সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে লেখা একটি আবেদনপত্র পাওয়া গেছে। চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ দলটির সাংগঠনিক নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চিঠির নিচে লেখকের কোনো নাম-পরিচয় নেই।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা পঞ্চম দফায় প্রকাশ্যে গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়।
চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসংক্রান্ত বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছেন লেখক। এতে বলা হয়েছে, দলের সদস্য হতে হলে এসএসসি পাস অথবা জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। আর কর্মী হতে হলে এইচএসসি পাস এবং জিপিএ-৩ দশমিক ৫ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগপর্যন্ত কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
চিঠিতে লেখক উল্লেখ করেছেন, তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও তুলে ধরেছেন তিনি। পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামো ও সংস্কার নিয়ে নিজের কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন।
চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you…..’। বাংলায় যার অর্থ, ‘আমি চাই, আপনার মাধ্যমে পরিবর্তন আসুক।’ তবে চিঠিটি কে লিখেছেন, তা জানা যায়নি।
এদিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক ব্যবস্থাপনা কমিটি। গত ২৩ সেপ্টেম্বর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দানের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় হবে দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









