রাজবাড়ীতে কলেজছাত্র ফুয়াদ চৌধুরী রোহান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
রবিবার (২৫ অক্টোবর) শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, পূর্বশত্রুতার জেরে কলেজছাত্র ফুয়াদ চৌধুরী রোহানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এখনো গ্রেপ্তার হননি বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, মূল পরিকল্পনাকারী বাইরে থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া নিহত রোহানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
সমাবেশ থেকে দ্রুত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার, জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং রোহানের পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে নিহত রোহানের বাবা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর নিখোঁজ হন ফুয়াদ চৌধুরী রোহান। এর তিন দিন পর, ৮ অক্টোবর সন্ধ্যায় বাড়ির অদূরে একটি মেহগনিবাগানের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রোহান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









