কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ চারজন আহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত অটোরিকশাচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন ও তার পুত্রবধূ তামান্না কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহর থেকে চার যাত্রী নিয়ে অটোরিকশাটি মেহেরপুরের দিকে যাচ্ছিল। চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









