গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। এর আগে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় এলাকায় টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় রবিবার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









