মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের মা রোকেয়া বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বড়লেখায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক কাজী মরহুম আফসার উদ্দিনের সহধর্মিণী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রোকেয়া বেগম। এরপর থেকে নিজ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোকেয়া বেগমের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রবিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় দৌলতপুর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









