গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার রাতে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হন। অন্যদিকে, সোমবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় বাস ও সারবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, খুলনা থেকে ছেড়ে আসা জিএমএস পরিবহনের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা জিএমএস পরিবহনের বাসমালিক এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে যান। পরে নিজ বাসের চাপায় গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় পৌঁছালে সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পৃথক দুর্ঘটনা দুটির বিষয়ে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









