চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত চার দিনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং একজন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মারা যান রেজাউল করীম নামের এক ব্যক্তি। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর কলোনির লাল মোহাম্মদের ছেলে। ডা. মাহবুব হাসান জানান, ডেঙ্গুতে আক্রান্ত রেজাউল করীমকে সোমবার বেলা একটার দিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও কলেজছাত্র আব্দুল হাসিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন রোববার সকালে একই হাসপাতালে মারা যান মো. মুরশালিন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকরতলা-কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দুই মাসের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ চলছে। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীন বলেন, দুই মাসের বেশি সময় ধরে জেলায় ডেঙ্গুর প্রকোপ চলছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









