ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে এ বিপর্যয় শুরু হয়। এতে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই। চট্টগ্রামের একাংশেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারিগরি কারণ এখনো শনাক্ত করা যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।
পাওয়ার গ্রিড পিএলসির তথ্যমতে, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









