চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাহাত (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামের মনহর আলী চৌধুরী বাড়ির মো.হাসানের নির্মাণাধীন ঘরে এই ঘটনা ঘটে। নিহত রাহাত সেই ঘরে ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো.রাসেল জানান, বিদ্যুতের প্রধান সংযোগের সুইচ বন্ধ না করে ঘরের গলিতে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। সেখান থেকে তার সহকর্মী এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাত রাউজান সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজী পাড়া গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক মো.জাকিরের একমাত্র ছেলে।
মো.হাসান নামের ওই ঘরের গৃহকর্তা জানান, ফারুক নামের একজনকে আমি কাজের দায়িত্ব দিই। তার মাধ্যমেই কাজে আসে নিহত রাহাত। ছেলেটি অত্যন্ত ভাল ছিল। ঘটনার সময় আমি বাইরে ছিলাম, আমার স্ত্রী হাঁস-মুরগি ঘরে আনার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি মাটিতে পড়ে আছে রাহাত। উদ্ধার করে সিএনজি এনে হাসপাতালে পাঠনোর ব্যবস্থা করি। পরে তাদের বাড়িতে যাই।
এবিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক মো.ইয়াকুব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক তরুণকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে হাসপাতালে তার সহকর্মীরা নিয়ে আসেন। মেডিকেলের অফিসার ডা.অর্পিতা ভট্টাচার্য্যের উপস্থিতিতে ৩টি ইসিজি করে দেখেছি। হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে এমনটা নিশ্চিত হয়ে মৃত ঘোষণা করি।
এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুের ঘটনাটি আমরা প্রাথমিক ভাবে জেনেছি। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









