নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিক জাকির হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সাদ্দামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সাদ্দাম ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
ওসি ইমদাদুল হক বলেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিংয়ের ফকিরবাড়ী এলাকায় দৈনিক এদিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জাকির হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাদ্দাম ও তার ভাই সানোয়ার (২২), একই এলাকার নুরুল হক বুদ্দার ছেলে ইউসুফ এবং মৃত আজিজুলের ছেলে আরিফুলের (৩০) নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









