মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর বাজারে বড়লেখা-চান্দ্রগ্রাম আঞ্চলিক সড়কের পাশে অনুমোদনহীনভাবে নির্মিত একটি টিনের স্থাপনা সরাতে দুই দিনের সময় দিয়েছে প্রশাসন। এ সময়ের মধ্যে মালিক যোগাযোগ না করলে স্থাপনাটি বেওয়ারিশ হিসেবে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা জানান।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে টিনের বেড়া দিয়ে একটি কক্ষ নির্মাণ করা হয়েছে। সেখানে ‘মৌলভীবাজার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বড়লেখা উপজেলা শাখার প্রধান কার্যালয়’ লেখা একটি ব্যানার ঝুলছে। তবে স্থাপনাটি নির্মাণে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, ঘটনাস্থলে কোনো মালিককে পাওয়া যায়নি। দুই দিনের মধ্যে কেউ যোগাযোগ না করলে স্থাপনাটি বেওয়ারিশ হিসেবে ভেঙে ফেলা হবে।
উত্তর বাজার অটো টেম্পু সিএনজি স্ট্যান্ডের সভাপতি হোসেন আহমদ অভিযোগ করেন, স্ট্যান্ডের থানা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। এর ১০ থেকে ১৫ দিন আগে একই ধরনের আরেকটি স্থাপনা নির্মাণ করা হলে সাধারণ শ্রমিকেরা সেটি ভেঙে ফেলেন।
স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান আয়শা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, তাঁর সিমেন্টের গুদামের সামনে রাতের আঁধারে কে বা কারা স্থাপনাটি নির্মাণ করেছে, তা তিনি জানেন না। স্থাপনাটির কারণে গুদাম থেকে মালামাল ওঠানো-নামাতে সমস্যা হচ্ছে। জনস্বার্থে এটি দ্রুত উচ্ছেদের দাবি জানান তিনি।
এ সময় হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আব্দুল গনি, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেবনাথ, সদস্য রায়হান মোহাম্মদ মুজিব, আবুল হোসাইন, জুবের আহমদ ও সাইম উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









