লালমনিরহাটের পাটগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী শিলার (২৫) মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রধানবাড়ি এলাকায় খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন তাঁর স্ত্রীকে ধাক্কা দেন। এতে শিলা ঘরের চৌকাঠে পড়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন আত্মগোপনে ছিলেন। পরে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
নিহত শিলার ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের মৃত্যুতে দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিলা হত্যার ঘটনায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









