হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা ও আয়োজকেরা জানান, খাবারের আগে-পরে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ক্ষতিকর জীবাণুর সংক্রমণ ও নানান রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









