উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে রমিম আহমদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রমিম জৈন্তাপুরের দরবস্ত এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে জৈন্তাপুর থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে এসে সাগরিকা বেগম (৩৯) নামের এক নারীর সঙ্গে নাছরিন বেগমের পরিচয় হয়। পরে তাঁরা একসঙ্গে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সময় রমিম ৪০০ টাকায় মাইক্রোবাসে তাঁদের জাফলং পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। পথে তিনি দুই নারীকে ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। তাঁরা রাজি না হলে ভয়ভীতি দেখানো হয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুরের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়াসহ আরও কয়েকজন তাঁদের ভারতে পাঠানোর প্রলোভন দেখান। পাচারের আশঙ্কা বুঝতে পেরে দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরে সাগরিকা বেগম থানায় মামলা করেন।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি রমিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









