পাহাড়ের সবুজ প্রকৃতি আর মেঘের সৌন্দর্যে ঘেরা সাজেক ভ্যালীতে এখন অনিশ্চয়তার মেঘ। টানা সাত দিন ধরে সড়ক অবরোধ চলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে জড়িত মানুষ।
স্থানীয় মুদি দোকানদাররা জানান, দীর্ঘদিন ধরে অবরোধ চলায় দোকানে মজুত চাল, ডাল, তেল, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য শেষ হয়ে আসছে। নতুন করে সরবরাহ না থাকায় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ কঠিন হয়ে উঠছে।
সাজেকের ২ নম্বর ওয়ার্ডের সদস্য অনিত্য ত্রিপুরা জানান, পর্যটকদের চলাচল ব্যাহত হওয়ায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসেবা ও ক্ষুদ্র ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। এতে পর্যটননির্ভর মানুষের আয়-রোজগার অনিশ্চিত হয়ে পড়েছে।
পরিস্থিতি নিরসনে গত ২৫ অক্টোবর রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন ২৬ অক্টোবর বাঘাইছড়ি উপজেলা পরিষদে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হয়। দুই বৈঠকে আন্দোলনকারীদের পাঁচটি দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হলেও একটি দাবি নিয়ে মতানৈক্য থাকায় অবরোধ প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
স্থানীয়দের অভিযোগ, অবরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের মতে, দাবি আদায়ের অধিকার থাকলেও এমন পরিস্থিতি সৃষ্টি হওয়া উচিত নয়, যাতে মানুষ খাদ্যসংকটে পড়ে, জীবিকা হারায় কিংবা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়।
অবরোধ কখনোই সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না; বরং দীর্ঘস্থায়ী হলে সংকট আরও গভীর হয়। তাই আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং সাজেকের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









