নীলফামারীর সৈয়দপুরের পরিচিত ক্রিকেটার আরমান আশরাফী আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সৈয়দপুরের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরমান আশরাফী একজন অভিজ্ঞ ওয়েক কিপার ও ব্যাটসম্যান হিসাবে সৈয়দপুর জেলা ক্রিকেট, ঢাকা ও স্থানীয় বিভিন্ন লিগে নিয়মিত খেলেছেন। জাতীয় দলের পরিচিত মুখ সৈয়দপুরের আব্দুল গাফ্ফার সাকলাইন, রোহানুদ্দৌলা বর্ষণ, রবিউল হক সহ দেশ-বিদেশের বিভিন্ন লিগে খেলা অনেক ক্রিকেটারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের খেলার সম্পর্ক ছিল। তাঁদের অনেকেই আরমানের সঙ্গে খেলতে খেলতেই ক্রিকেটে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন।
আরমান সৈয়দপুর শহরের বাঁশবাড়ি টালি মসজিদ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবা শফিক অনেক বছর আগে মারা যান। তারা দুই ভাই ও এক বোন। মা, স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে আরমানই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ক্রিকেটের পাশাপাশি স্থানীয় নূর ইলেকট্রনিকসে চাকরি করে আরমান পরিবারের ভরণপোষণ চালাতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় পরিস্থিতির মুখে পড়েছে।
স্থানীয় নূর ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নাদিম আশরাফী জানান, আরমান প্রায় ২৫ বছর ধরে তাঁর প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। চাকরির পাশাপাশি নিয়মিত ক্রিকেট খেলতেন। সৈয়দপুরের জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের ক্রিকেটজীবনের বিকাশেও আরমানের সান্নিধ্য ও সহযোগিতার ভূমিকা ছিল।
তিনি আরও জানান, আরমান দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। প্রথমে সৈয়দপুরে চিকিৎসা নেওয়ার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বুধবার বাদ মাগরিব সৈয়দপুরের গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাঁকে গোলাহাট কবরস্থানে দাফন করা হবে।
আরমান আশরাফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আখতার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার, জাতীয় ক্রিকেটার আব্দুল গাফ্ফার সাকলাইন ও রোহানুদ্দৌলা বর্ষণ, রবিউল হক, জেলা কোচ বাবলু, সাবেক জাতীয় ক্রিকেটার হুমায়ুন, নূর ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নাদিম আশরাফীসহ স্থানীয় বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তা, ক্রিকেটার ও বিশিষ্টজনেরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









