দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, আমি আপনাদের পাশে থাকবো; কিন্তু সতর্ক থাকবেন। শুধুমাত্র আমি বিএনপি করি—এই আশায় কেউ তুষ্ট থাকবেন না। আপনাকে আরও বেশি কাজ করতে হবে, আরও বেশি মানুষের সঙ্গে আমাদের মিশতে হবে, আরও বেশি মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বৃদ্ধি করতে হবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের খানসামার পাকেরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সাফল্য কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের এই দিনে আমাদেরকে সেই তৌফিক দান করুন; যে তৌফিক অর্জনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র, সকল মিথ্যা, সকল বিভ্রান্তি থেকে জাতিকে যেন রক্ষা করেন। খানসামা–চিরিরবন্দরবাসীকে সকল অন্যায় থেকে যেন রক্ষা করেন—এটাই আজকের আমাদের দোয়া।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি) এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, শরিফুল ইসলাম প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









