বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মধ্যে যোগসাজশ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম জানান, সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ আহত হয়েছেন এবং অনেকে মারা গেছেন বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণের শিকার হয়েছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনব্যবস্থার সংস্কারে তারা প্রস্তাব দেবেন বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হবে।’’ সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি পরাজিত হয়েছে।’’
তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা বর্তমানে সীমিত থাকলেও দলটির সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী প্রবণতা, স্বৈরাচার, নতুন চাঁদাবাজি ও দুর্নীতির মধ্যে এক ধরনের যোগসাজশ তৈরি হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
আয়োজকেরা জানান, জেলা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচ কৌশল নির্ধারণের লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









