ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির অভিযোগ তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপিকে ভোট দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিন পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ষষ্ঠ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম ৫০০ টাকা বন্ডে নিজ জিম্মায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান।
৩০ বছর বয়সী সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা। তিনি আমজাদ আলীর মেয়ে এবং ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাথীকে আদালতে পাঠানো হয়। সেদিন বিকেল সাড়ে ৩টার দিকে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই দিন পর বুধবার তিনি জামিন পান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, সাথীর ফেসবুক লাইভ পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বক্তব্য ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় ব্যবসায়ী এ বিষয়ে জানতে গেলে তিনি তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন বলে জানান ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছিল।
ঘটনার সূত্রপাত রবিবার ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাথী অভিযোগ করেন, তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার এবং এসির তার চুরি হয়েছে। তার বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় আর্থিক ক্ষতির কথাও জানান।
লাইভে চুরি, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার একপর্যায়ে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেন সাথী এবং বিএনপি সরকারের সমালোচনা করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
সেদিন রাত ৮টার দিকে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় একদল উত্তেজিত জনতা ও রাজনৈতিক কর্মী তার পার্লারে গিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথীকে হেফাজতে নেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









