নাটোরের গুরুদাসপুরে পুকুরের কাদামাটি থেকে লাভলী বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় সলে মেম্বারের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাভলী বেগমের বাবার বাড়ি সিংড়া উপজেলায়। দ্বিতীয় বিয়ে হয় বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার রবিউল করিমের সঙ্গে। তার প্রথম পক্ষের ছেলে সাব্বির মাহমুদপুরের ওই পুকুরে প্রহরীর কাজ করেন। ছেলের কাছে বেড়াতে এসেছিলেন লাভলী ও তার স্বামী রবিউল।
বুধবার সকাল ৯টার দিকে ছেলের গাভির জন্য ঘাস কাটতে তারা দুজন পুকুরপাড়ে যান। স্থানীয়দের দাবি, সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে লাভলী বেগমকে মেরে কাদামাটিতে ফেলে রেখে রবিউল চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন।
গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজুল হাসান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









