বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে ‘মব’ করে হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের এইচএসএস সড়ক থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়াজির আলী স্কুলের সামনের চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সভাপতি কমরেড স্বপন বাগচী। সিপিবির জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ।
সমাবেশে নেতারা বলেন, সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের বিরুদ্ধে ন্যক্কারজনক আক্রমণ। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সিপিবি লড়াই করেছে, রক্ত দিয়েছে এবং দলের বহু নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মুক্তিভবন ছিল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

তারা বলেন, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, এ হামলা গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে। হামলা ও ভয়ভীতি দেখিয়ে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমন করা যাবে না। মুক্তিযুদ্ধের আগে ও স্বাধীনতার পরও সন্ত্রাসের মাধ্যমে সিপিবির সংগ্রাম দমন করা সম্ভব হয়নি।
নেতারা আরও বলেন, সরকার হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনে কি না, তা দেখে দেশের গণতান্ত্রিক উত্তরণে জনগণ তাদের করণীয় নির্ধারণ করবে। সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংকুচিত করে ভিন্নমত ও প্রতিবাদ দমনের প্রবণতা দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









