ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সিলেট নগরে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অভিযানে এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চালানো হবে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরের ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযানের উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনের পর তিনি নিজেও ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
সিসিক প্রশাসক বলেন, নগরে সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীরা বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, নগরের ৪২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। সিসিকের স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিধনে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে জানিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন প্রশাসক।
অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









