রংপুরের গঙ্গাচড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। সমাবেশে রংপুর-১ আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী বলেছেন, ‘ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে আবারও জেগে উঠবে জুলাইয়ের চেতনা।’
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ ডাকবাংলো মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা জিরো পয়েন্টসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের বিপরীত পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, পুরোনো কিংবা নতুন কোনো ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে হবে না। রাজনৈতিক প্রতিপক্ষকে ‘জান্নাতি’ বা ‘গুপ্ত’ আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না। তিনি বলেন, ‘আমরা ইনসাফের বাংলাদেশ চাই।’
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি জড়িতদের বিচারের দাবি জানান। গঙ্গাচড়ায় পরদিন ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার স্মৃতিচারণা করে তিনি বলেন, তখন তিনি বড়বিল ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন। ওই মিছিলে হামলায় কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল বলে দাবি করেন তিনি।
বক্তব্যে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে সেগুলোকে রাজনৈতিক দমন-পীড়ন বলে উল্লেখ করেন রায়হান সিরাজী। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই অন্য রাজনৈতিক দল বা তাদের সমর্থকদের অবমূল্যায়ন করা উচিত নয়।
তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন এবং দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির আব্দুল গনি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ শফিকুল আলম, নায়েবে আমির তাজউদ্দীন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মাওলানা শোয়াইবুর রহমান, রংপুর জেলা শিবিরের সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীনসহ স্থানীয় নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









