রাজশাহীর পুঠিয়া থানার আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. স্বাধীনকে (২০) কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) দুটি ইউনিটের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে কুষ্টিয়া জেলার সদর থানার ৪ নম্বর বটতলা ইউনিয়নের বরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানি ও এসআরবি-১২-এর কুষ্টিয়া সিপিসি-১-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। বরিয়া গ্রামের আসাদুল আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এগুলো তথ্য জানায় এসআরবি-৫।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে রাজশাহীতে মো. রুহুল আমিনকে হাতুড়ি ও কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মো. স্বাধীন ও তার বাবা মো. শাহিনকে আসামি করে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি ১৯ অক্টোবর পুঠিয়া থানার ১১ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। এতে দণ্ডবিধির ৪৪৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে বাবা-ছেলে দুজনই পলাতক ছিলেন।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন হত্যা মামলার ঘটনা সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









